দেবতার জন্মদিন
- Jagaran Natya Dal

- Jan 23, 2022
- 1 min read
আমরা কেউই আমাদের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে কোনো কিছু করতে চাইনা। একটা রিস্ক নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহস নাকি বাঙালিদের নেই।আজ এমন এক 'বোস' মহাশয়ের জন্মদিন যার ক্ষমতা ছিল কমফোর্ট জোনের বাইরে গিয়ে প্রতিটা কাজ করার, যা আমরা ছোট থেকে ইতিহাসের পাতায় পড়ে এসেছি। আমরা যারা পারিবারিক চাপের জন্যে, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারিনা, তাদের কাছে সুভাষচন্দ্র বোস একজন 'মহানায়ক'। তার জীবনী পড়লেই বোঝা যাবে ,তিনি ছোট থেকেই নিজের দেশমাতৃকার জন্যে ,আর অন্যায়ের বিরুদ্ধে একের পর এক দুঃসাহসিক কাজ করে গেছেন, যা এখনো আমাদেরকে রোমাঞ্চিত করে,গায়ে কাঁটা দিয়ে তোলে। যে স্বৈরাচারী হিটলারকে সারা পৃথিবীর লোক সমীহ করে চলত, সেই শাসকের কাছে তিনি একা গেছিলেন আমাদের ভারতমাতাকে স্বাধীন করার লক্ষ্যে। কোনরকম প্রস্থেটিক মেকাপ ছাড়াই শুধুমাত্র বুদ্ধির জোরেই ব্রিটিশ পুলিশের নাকের ডগা দিয়ে বেরিয়ে গিয়ে একের পর এক প্রলয় ঘটিয়ে, ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। রক্তের বদলে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, আর বাধ্য করেছিলেন ব্রিটিশদের ভারত ছাড়তে। এই অসম্ভব তেজ, প্রলয় আনার সাহস কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? আমরা এখনও ভেবে অবাক হয়ে যাই।উনি শিখিয়েছিলেন নিজের অধিকার চাইতে নেই, ছিনিয়ে নিতে হয়। তাই ভগবান ওনার থেকে মৃত্যুর অধিকার ছিনিয়ে নিয়েছিলেন। তাই তিনি ভারতমাতার অমর সন্তান, আমাদের ঈশ্বর, তাঁর জন্ম হয়, মৃত্যু হয়না। জয় হিন্দ।
--- by Ankita Halder
%20(1).png)



Comments